প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনায় জামায়াতসহ আট ইসলামি দল

এইচ এম আমজাদ হোসেন মোল্লা: 

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দলের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন মোড় পর্যন্ত আসেন আট দলের নেতাকর্মীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে নয় সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধিদলে ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদসহ অন্যান্য ইসলামি দলের শীর্ষ নেতারা।

এর আগে সকাল ১০টা থেকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর ও কাকরাইল মোড়ে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে তারা শাপলা চত্বরের দিকে আসেন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন জানান, মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে পল্টন মোড়ের দিকে মিছিল শুরু হয়। পরে জামায়াতের বিভিন্ন শাখা ও অন্যান্য ইসলামি দল একত্রিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবির স্মারকলিপি দিতে যমুনায় যান তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই স্মারকলিপি সরকারের প্রতি নতুন বার্তা বহন করছে—বিশেষ করে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিকে ঘিরে নির্বাচনপূর্ব রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়