মোঃ কবির উদ্দিন
পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারকে ঘিরে প্রতিদিন হাজারো দেশি–বিদেশি পর্যটকের সমাগম ঘটে। তাদের ভ্রমণ অভিজ্ঞতা যাতে আরামদায়ক ও নিরাপদ হয়, সেই লক্ষ্যেই সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। এ দায়িত্ব পালনে নেতৃত্ব দিচ্ছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ।
অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন, “পর্যটকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা কক্সবাজারে আসেন, তারা যেন নির্বিঘ্নে সমুদ্র সৈকত ও আশপাশের পর্যটন এলাকাগুলো ঘুরে দেখতে পারেন—সেই পরিবেশ নিশ্চিত করতেই আমরা কাজ করি।”
তিনি আরও জানান, সমুদ্র সৈকত এলাকার সার্বিক নিরাপত্তা তদারকি করতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ২৪ ঘণ্টাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। সৈকতের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে নিরাপত্তা টাওয়ার, নিয়মিত টহল, তথ্যসেবা কেন্দ্র এবং পর্যটকদের সহায়তায় জরুরি সেবা ব্যবস্থা। কোনো অসুবিধা বা অভিযোগের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াও নিশ্চিত করা হচ্ছে।
অতিরিক্ত ডিআইজি বলেন, “আমি চাই দেশ-বিদেশের ভ্রমণপিয়াসী পর্যটকরা নিশ্চিন্তে কক্সবাজার ভ্রমণে আসুন। এখানে পর্যটকদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমরা দায়িত্বশীলভাবেই পালন করে আসছি এবং ভবিষ্যতেও আরও উন্নত সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।”
কক্সবাজারে পর্যটন নিরাপত্তা বাড়াতে ট্যুরিস্ট পুলিশের এ সক্রিয় ভূমিকা পর্যটকদের আস্থা বাড়ানোর পাশাপাশি দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে।