মাইদুল হক মিকুঃ
দেশের বাজারে আরও এক দফা কমলো জ্বালানি তেলের দাম। ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমানো হলেও কেরোসিনের দাম বেড়েছে ১০ টাকা। নতুন এই দাম ১ জুন ২০২৫ (রোববার) থেকে কার্যকর হবে।
শনিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা এবং অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।
অন্যদিকে, কেরোসিনের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ১০ টাকা বেশি।
এর আগে চলতি মে মাসে ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম ১ টাকা করে হ্রাস করে যথাক্রমে ১২১ টাকা ও ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল।
২০২৪ সালের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার প্রতি মাসে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে। এ ব্যবস্থায় প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হচ্ছে।