প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, নিহত ৩৮

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 

থাইল্যান্ড অভিযোগ করেছে, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু করেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) থাই সেনাবাহিনী জানায়, বিতর্কিত সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি চুক্তির পরও কম্বোডিয়ান বাহিনী তাদের ভূখণ্ডে সশস্ত্র হামলা চালিয়েছে।

থাই সামরিক মুখপাত্র উইনথাই সুয়ারি বলেন, “চুক্তি কার্যকরের ঠিক পরেই কম্বোডিয়া সশস্ত্র আক্রমণ শুরু করে, যা চুক্তির ইচ্ছাকৃত লঙ্ঘন এবং আস্থাভঙ্গের প্রচেষ্টা।”

তবে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে বলেছে, “কোনো সংঘর্ষ হয়নি।”

এর আগে সোমবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় দুই দেশ ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট মঙ্গলবার জানান, “রাত ১২টা থেকে সীমান্তে শান্তি বিরাজ করছে।”

তবে, এএফপির এক প্রতিবেদনে বলা হয়, থাই সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে কম্বোডিয়ার সামরাওং শহরে মধ্যরাতের কিছু আগ পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সঙ্কট প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে তাৎক্ষণিক ফোনালাপে কথা বলেছেন।

উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এ সীমান্ত এলাকায় বিভিন্ন সময় সহিংসতা দেখা দিলেও এবারের সংঘর্ষ সবচেয়ে প্রাণঘাতী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়