প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাকৃবির ১২ শিক্ষার্থী পেল জাপানের মর্যাদাপূর্ণ এনইএফ বৃত্তি

মিলন শেখ:

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ১২ জন মেধাবী শিক্ষার্থী এ বছর জাপানের নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) প্রদত্ত আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৯ জন ছাত্রী ও ৩ জন ছাত্র।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। বৃত্তিপ্রাপ্তরা সবাই স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা প্রত্যেকে বছরে ৩৮ হাজার টাকা করে তিন বছর পর্যন্ত এ সুবিধা পাবেন।
এর আগে চলতি বছরের অক্টোবর মাসেই গাকৃবির আরও ২০ জন শিক্ষার্থী একই আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, “গাকৃবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে যে ধারাবাহিক সফলতা অর্জন করছে, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এনইএফ বৃত্তি তাদের পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষি উন্নয়নে আরও উৎসাহিত করবে।”
বৃত্তিপ্রাপ্তদের পক্ষ থেকে শিক্ষার্থী নাফিসা জান্নাত অমি বলেন, “এনইএফ বৃত্তি পাওয়া আমার জীবনের বড় অর্জন। ভবিষ্যতে জাপানে উচ্চশিক্ষা নিয়ে দেশের পরিবেশবান্ধব উন্নয়নে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়