প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু

মনকির হোসেন, টঙ্গী প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের আয়োজনে পাঁচদিনের জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার, ২৮ নভেম্বর ফজরের নামাজের পর ‘আম বয়ান’ দিয়ে আনুষ্ঠানিকভাবে এই পর্বের উদ্বোধন হয়।

আয়োজকরা জানান, ইজতেমার মূল পর্বের পূর্বপ্রস্তুতি হিসেবে প্রতিবছর এ জোড় অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের তাবলীগের সাথীরা একত্র হয়ে বছরের কাজের বিবরণ উপস্থাপন করেন এবং মুরুব্বিদের কাছ থেকে দিকনির্দেশনা গ্রহণ করেন।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিব উল্লাহ রায়হান নিশ্চিত করে বলেন, পাঁচদিনব্যাপী এই জোড় থেকে যেসব সাথীরা দাওয়াতের দায়িত্ব নেবেন, তারা বছরের কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় রাহবারি পাবেন। তার ভাষ্যে—“জোড় ইজতেমা তাবলীগ জামাতের সোনালী ঐতিহ্য। এখান থেকেই সারা বছরের কাজের নকশা ঠিক করা হয়।”

তিনি আরও জানান, জোড়ে শুধুমাত্র ৩ চিল্লার সাথী এবং অন্তত ১ চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নিতে পারেন—যা জোড়ের স্বতন্ত্র মর্যাদা বজায় রাখে।

এ উপলক্ষে দেশ-বিদেশের প্রবীণ মুরুব্বি ও শুরা সদস্যরা টঙ্গীতে এসে পৌঁছেছেন। ময়দানের উত্তর পাশে কয়েক লাখ মুসল্লির অবস্থানের জন্য বিশাল ছাউনি নির্মাণ করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা টানা পাঁচদিন থাকবেন।

আগামী মঙ্গলবার, ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে জোড় ইজতেমার সমাপ্তি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়