প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে অটোবাইক চালক হত্যা মামলার মূল হোতা ইব্রাহিম তালুকদার গ্রেফতার

মাইদুল হক মিকুঃ 

পটুয়াখালী সদর থানার চাঞ্চল্যকর সিধ কেটে অটোবাইক চালক মোঃ মোসারফ হোসেন (২৯) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ ইব্রাহিম তালুকদার (২৫)–কে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, দেশের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে এবং নানা চাঞ্চল্যকর ঘটনার দ্রুত তদন্তে তারা নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডের মূল হোতাকে চিহ্নিত করে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা সম্ভব হয়েছে।

২৯ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ৫টায় র‍্যাব-৮ ও র‍্যাব-১১ এর যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই পটুয়াখালী সদর উপজেলার তুষখালী এলাকার বাসিন্দা আসামি ইব্রাহিম তালুকদারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে কয়েকজন দুর্বৃত্ত সেহাকাঠী এলাকার একটি বাড়ির বারান্দার পাশের কাদা-পিরা সিধ কেটে ভেতরে প্রবেশ করে। এসময় ভিকটিম মোঃ মোসারফ হোসেন পরিস্থিতি টের পেয়ে একজনকে ধরে ফেললে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে বুকে, পায়ে ও হাঁটুর ওপর একাধিক আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়