গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: মোশারফ হোসেন
জাফলংয়ের তরুণ সমাজকে অবৈধ অনলাইন জুয়ার ক্ষতিকর ছোবল থেকে রক্ষা করতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। অনলাইন জুয়া খেলার অপরাধে চার যুবককে হাতে–নাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে জাফলংয়ের মামার বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—
রুবেল মিয়া (২১), পিতা রহিজ উদ্দিন
ইমরান আহমদ (২০), পিতা আফসের আলী
আবু হাসান (১৯), পিতা হাফেজ মিয়া
মো. আলীম উদ্দিন (৩৫), পিতা মৃত তকলিছ আলী
অভিযানের সময় উপস্থিত ছিলেন—গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ, এএসআই রেজোয়ান মোল্লা এবং স্থানীয় সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অভিযান শেষে অনলাইন জুয়া নিয়ে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “অনলাইন জুয়া আজ ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। মোবাইল ফোনের সহজলভ্যতাকে পুঁজি করে তরুণ সমাজ অবৈধতায় জড়িয়ে পড়ছে—ক্ষতি হচ্ছে অর্থ, নষ্ট হচ্ছে নৈতিকতা, অশান্ত হচ্ছে পরিবার। সমাজকেও টেনে নিচে নামাচ্ছে এই আসক্তি।”
তিনি আরও বলেন, “আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলবে, এবং অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
পরিবারের দায়িত্ববোধ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ইউএনও আরও যোগ করেন— “সন্তান কোথায় যায়, কী করে, মোবাইলে কী ব্যবহার করে—এসব বিষয়ে পরিবারকে সতর্ক নজরদারি রাখতে হবে। সমাজের সবাই সচেতন হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে।”
তরুণসমাজের উদ্দেশে তিনি প্রেরণামূলক আহ্বান জানান— “পড়াশোনা, কাজ, সৃজনশীলতা এবং সুস্থ বিনোদনে মন দিন। নিজের ভবিষ্যতকে অন্ধকার করার মতো কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। আমরা তরুণদের পাশে আছি—কিন্তু অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।