প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব সমাজের সকল উন্নয়ন কাজে সহায়তা করা হবে: ইউএনও কায়েসুর রহমান

জুনায়েদ কামাল – ব্যুরো চীফ

সমাজের শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সচেতনতার প্রশ্নে যুবকদের ভূমিকা কতটা জরুরি— ঠিক এমন একটি প্রাসঙ্গিক আলোচনাই উঠে এল বেগমগঞ্জ উপজেলা সভা কক্ষে আয়োজিত জন-সচেতনতামূলক কর্মশালায়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রের সামগ্রিক অগ্রগতির পেছনে রয়েছে যুবকদের ইতিবাচক অংশগ্রহণ, আর এই অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান এক ভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন— “আমার দীর্ঘ প্রশাসনিক জীবনে দেখেছি, যুব সমাজ অন্যায় দাবিতে আসে না। বরং সেইসব ‘সমাজের শ্রদ্ধেয়’ মুখগুলোকেই অন্যায় আবদারে বেশি দেখা যায়।” তার বক্তব্যে উঠে আসে একটি সরল কিন্তু শক্তিশালী সত্য— নৈতিক চরিত্রই মানুষকে দায়িত্বশীল করে, আর দায়িত্বশীল মানুষ অন্যায় বেছে নেয় না।

তিনি স্পষ্ট ঘোষণা দেন, উপজেলায় কোনো যুব সংগঠন বৈধ কাজ নিয়ে তার দ্বারস্থ হলে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন, পাশে থাকবেন এবং প্রয়োজনে যুবদের সুরক্ষায় জীবনকেও ঝুঁকির মুখে রাখতে প্রস্তুত। তার ভাষায়— “যারা জনগণের কল্যাণে কাজ করে, তারা সমাজের বোঝা নয়; বরং সম্পদ। তাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা অন্যায়, আর সেই অন্যায়ের বিরুদ্ধে আমি কঠোর।”

এ বি এম মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এবং উপ-পরিচালক সাজ্জাত হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, বেগমগঞ্জ সোনাইমুড়ী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিঠু ও যুব উন্নয়ন অফিস সহকারী গোলাম মোস্তফা।

উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি, সম্পাদকসহ প্রায় শতাধিক যুবকর্মীর উপস্থিতি যেন প্রমাণ করছিল—যুব সমাজকে বাদ দিয়ে উন্নয়নকে সম্ভব ভাবা যায় না, আর নৈতিক নেতৃত্ব থাকলে সমাজ বদলাতেই পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়