প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল

মোঃ রাকিবুল ইসলাম 

রাজশাহী জেলা প্রতিনিধি:

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজশাহীর দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে ছিল নেতাকর্মীদের ঢল, পুরো অনুষ্ঠানজুড়েই ছিল আবেগ–অনুভূতিতে ভরপুর পরিবেশ।

দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের সাবেক এমপি অ্যাড. নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান জুলফিকার নাইম মোস্তফা বিস্ময়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস. এম. আকবর আলী বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার নাইম মোস্তফা বলেন, “আমাদের গণতন্ত্রের মা, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ তিন দশক ধরে দেশের মানুষের জন্য বটবৃক্ষের মতো ছায়া হয়ে আছেন। আজ তাঁর অসুস্থতায় পুরো দেশ শোকাহত। দেশনেত্রীর সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে।” তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে যারা নানা ষড়যন্ত্র করছে, তাদের অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।”

এসময় বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ। তাঁর সুস্থতার মাধ্যমে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও সুদৃঢ় হবে বলেও তারা আশা প্রকাশ করেন। পরে দেশ–জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের হারুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সোহেল রানা সেলিম, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক মাস্টার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন শেখ, সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাউসার আলী ও আব্দুল ওহাব।

এ ছাড়াও উপস্থিত ছিলেন—৪নং দেলুবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পলান সরকার, ৬ নং মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গাফফার মন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়