হাফিজুর রহমান গাজীপুর
গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ বুধবার বিকেলেই যেন পরিণত হয় মানুষের সাগরে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর মহানগর বিএনপির আয়োজিত গণদোয়া মাহফিলে নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভিড় জমায়। বিকেল ৪টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজবাড়ী মাঠ—রাজনীতির মাঠে আজ যেন দোয়া আর আবেগের মিলনমেলা।
দোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী। তার কণ্ঠে মোনাজাতের শব্দ উঠতেই হাজারো মানুষের হাত আকাশমুখী হয়, আর একসুরে উচ্চারিত “আল্লাহুম্মা আমিন” ধ্বনিতে কেঁপে ওঠে চারদিক। কেউ চুপচাপ চোখ মুছছেন, কেউ বুকে বুক মিলিয়ে দোয়া করছেন—মাঠজুড়ে তখন নির্মল এক আবেগঘন নীরবতা।
এর আগে গণতন্ত্রের মা হিসেবে পরিচিত বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলীসহ আরও অনেকে।
বক্তারা ১৯৭১ থেকে ২০২৬—দীর্ঘ এই পথচলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রগঠন ও আন্দোলন-সংগ্রামে অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন—গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ-বিদেশের মানবাধিকারকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন বলে জানান তারা।
গণদোয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও যোগ দেন জামায়াতে ইসলামী, এনসিপি এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আহমদ আলী রুশদি, অ্যাডভোকেট আব্দুস সালাম, হাসান আজমল ভূইয়া, হান্নান মিয়া হান্নু, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নাগরিক।
বক্তারা বলেন—বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক; তার সুস্থতার জন্য অনেকেই রোজা রাখছেন, নফল নামাজ পড়ছেন, মসজিদ-মন্দির-গির্জায় চলছে প্রার্থনা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও তাকে দেশের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে বলেও মনে করিয়ে দেন তারা।
দোয়া চলাকালে ভাওয়াল রাজবাড়ী মাঠে মানুষের ঢল আরও ঘন হয়। মোনাজাতে হাজার কণ্ঠের একতানে উচ্চারিত আমিন ধ্বনি গাজীপুরের আকাশে যেন ভেসে থাকে দীর্ঘক্ষণ। আবেগের সেই ঢেউয়ে অনেককে চোখের পানি মুছতে দেখা যায়—দিনশেষে গাজীপুর সাক্ষী হয় এক বিরল মানবিক সমাবেশের।