গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি : মোশারফ হোসেন
জাফলংয়ের নীরব দুপুর। মাদ্রাসার বারান্দা জুড়ে ভেসে আসছে পবিত্র কোরআন তিলাওয়াতের সুর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে আজ যেন অদ্ভুত এক আবেগ ছড়িয়ে পড়েছিল চারদিকে।
বুধবার (৩ নভেম্বর) বাদ যোহর জাফলং মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক শাহ আলম স্বপন। পাশে ছিলেন এলাকার মানুষ—হাফেজ, কোরাআনে মুখস্থ করা কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারি পর্যন্ত। সবাই এক হৃদয়ে, এক আর্তিতে— “খালেদা জিয়ার জন্য দোয়া।”
দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে শাহ আলম স্বপনের কণ্ঠেও ঝরে পড়ে আবেগ। তিনি বলেন— “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ের নেত্রী। স্বৈরাচারের সঙ্গে আপস না করে কারাবরণ করা তাঁর দৃঢ়তারই প্রমাণ। দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তিনি সারাজীবন। আজ তিনি অসুস্থ—দেশবাসীর দোয়াই তাঁকে আবারো সুস্থ করে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন— “বেগম খালেদা জিয়া এই দেশের অভিভাবকের মতো শাসন করেছেন, ভালোবেসেছেন, কেঁদেছেন। তাঁর জন্য সবার দোয়া প্রয়োজন। তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন—এই আশা নিয়েই আমরা আজ একত্রিত হয়েছি।”
কোরআন তিলাওয়াত ও মোনাজাতে চোখের জল ফেলেছেন বহু মানুষ। চারদিকে ভেসে বেড়িয়েছে একটাই আর্তি—সুস্থ হয়ে যেন আবারো জাতির সামনে দাঁড়াতে পারেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, তরুণ-যুবক, মুরব্বি আর সাধারণ মানুষ। জাফলংয়ের আকাশ–বাতাস যেন সাক্ষী হলো এক প্রার্থনার— “হে আল্লাহ, আমাদের নেত্রীকে সুস্থতা দান করুন।”