মো. সোহেল গাজী বাউফল
বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে পটুয়াখালীর বাউফলে সাদকায় জারিয়া হিসেবে গরু জবাই করে গোশত বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাউফল পৌর শহরের মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের বাসভবনে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী মরহুম সৈয়দ আহমেদের স্মৃতিকে স্মরণ করে তার সন্তান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেনিন নেতৃত্বে এতিমখানা, হাফেজি মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আয়োজন শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।
কার্যক্রম শেষে লেনিন সাংবাদিকদের বলেন, “সন্তান হিসেবে জনাব তারেক রহমানের নিজের মমতাময়ী মাকে যেমন প্রয়োজন, কর্মী হিসেবে আমাদেরও অভিভাবক বেগম খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজন। দেশের এই সংকটময় সময়ে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াই ১৮ কোটি মানুষের ভরসার প্রতীক। একজন সুস্থ খালেদা জিয়াই পারেন সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করতে।”
তিনি আরও বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আধুনিক বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। দেশের ভিতরে–বাইরে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় প্রস্তুত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির অন্যতম সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী এনামুল হক বিপন, যুবনেতা মো. শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রনি ও জিহাদ।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও দৃঢ় করবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন গতি সঞ্চার করবে।