মোঃ রিপন হাওলাদার:
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় কর্মচারী রকি (২৫) হত্যার ঘটনায় ডাকাতি-দস্যুতাসহ একাধিক মামলার আসামি মো. আরমান (২২)–কে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব-১০। বুধবার গভীর রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, ২ ডিসেম্বর ভোররাতে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলামনগর এলাকায় রকির ওপর একটি পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর রকির পরিবার কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলাটি তদন্তে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০–এর সহযোগিতা চায়।
র্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য যাচাই করে অভিযান পরিচালনা করে। পরে মো. আরমানকে গ্রেফতার করা হয়। র্যাবের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে পূর্বে ডাকাতি-দস্যুতাসহ চারটি মামলা রয়েছে।
সংস্থাটি জানায়, রকির ব্যক্তিগত ও স্থানীয় বিরোধের জেরে ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত আরমানকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।