প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সখিপুরে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

মোঃ হাসান আলী 

 রিপোর্টার টাংগাইল 

টাঙ্গাইল সখিপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সারাদেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে মানববন্ধন ও কর্মবিরতি চলতে থাকে।

কর্মবিরতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে প্যাথলজি ও এক্স-রে বিভাগ বন্ধ থাকায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে না পেরে অনেক রোগীকে বাইরে বেসরকারি প্রতিষ্ঠানে যেতে বাধ্য হতে হচ্ছে। ফার্মাসিস্টদের কর্মবিরতির কারণে মিলছে না প্রয়োজনীয় ওষুধও।

আন্দোলনরত টেকনোলজিস্টরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সরকার এখনও তাদের ১০ম গ্রেড পুনর্বহাল বা বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত দেয়নি। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানান তারা।

স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীরা বলেন, জরুরি সেবা ব্যাহত হওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন। “রোগী নিয়ে আসছি, কিন্তু পরীক্ষা করাতে পারছি না। ওষুধও মিলছে না”— এমন অভিযোগ অনেকের।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত কর্মকর্তারা জানান, আন্দোলন চলায় সেবা ব্যাহত হচ্ছে ঠিকই, তবে জরুরি বিভাগ সচল রয়েছে। দ্রুত সমস্যার সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্যোগ কামনা করেন তারা।

দেশব্যাপী একই দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের কর্মসূচি অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়