ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি:
পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নাটোরে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর হাসপাতালে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মবিরতির সময় জরুরি বিভাগসহ হাসপাতালের গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম স্বাভাবিক থাকলেও নিয়মিত সেবা কিছু সময়ের জন্য বন্ধ রেখে তারা হাসপাতালের নির্ধারিত স্থানে সমবেত হন। এ সময় দাবি আদায়ে তারা সংহতি প্রকাশ করেন এবং ন্যায্য মূল্যায়নের লক্ষ্যে সরকারের দ্রুত উদ্যোগের আহ্বান জানান।
অংশগ্রহণকারীরা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। দায়িত্বের গুরুত্ব, কাজের ঝুঁকি ও পেশাগত দক্ষতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে ১০ম গ্রেড বাস্তবায়ন জরুরি হয়ে উঠেছে।
তারা আরও জানান, দাবি আদায়ে এখনো শান্তিপূর্ণ ও গঠনমূলক আন্দোলন করছেন। তবে দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশায় কর্মবিরতি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।