প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়দেবপুরে পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ছিনতাই হওয়া দুই সিএনজি উদ্ধার

মিলন শেখঃ

গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের পৃথক অভিযানে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আদালতের ওয়ারেন্টভুক্ত ৫ আসামি, মাদকবিরোধী অভিযানে ১ জন এবং ছিনতাই চক্রের আরও ১ জনসহ মোট সাতজনকে আটক করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া দুটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) রাতভর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত ৫ আসামির মধ্যে রয়েছেন—পরিমল সরকারের ছেলে পার্থ মণ্ডল, ফজলু ভূইয়ার ছেলে খাবির ভূইয়া এবং মৃত বাছির উদ্দিন ভূইয়ার ছেলে ফজলু ভূইয়া। পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে মাদকবিরোধী অভিযানে বড় কয়ের এলাকার হায়দার আলীর বাসা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
এছাড়া ছিনতাই হওয়া দুটি সিএনজি উদ্ধার এবং ছিনতাইকারীদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় ভবানীপুর এলাকায় পৌঁছালে সিএনজি চালক আবু সুফিয়ান হঠাৎ গাড়ি থামিয়ে যাত্রী জেসমিন চৌধুরীর ওপর হামলা চালায়। পরে মোটরসাইকেলে থাকা সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে জখম করে সিএনজি, নগদ টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় দু’টি সিএনজি এবং সংশ্লিষ্ট দুজনকে আটক করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্তসহ নানা মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এসব অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়