প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরফ্যাশনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি — ‘২৬ বছরের জটিলতা, দাবি পূরণ না হলে  কঠোর কর্মসূচি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

মনির হোসেন বিল্লাহ 


প্রস্তাবিত নিয়োগ বিধি–২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে ভোলার চরফ্যাশনে দিনব্যাপী কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা। বহু বছরের বঞ্চনা আর প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাঠপর্যায়ের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের অংশগ্রহণে পুরো দিনজুড়ে এলাকাটি পরিণত হয় দাবি আদায়ের মঞ্চে। কর্মসূচির সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা অধিকার আদায় পরিষদের সভাপতি ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য, চরকুকরি পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য ও চরমাদ্রাজ ইউনিয়নের পরিদর্শক মো. ফখরুল আলম, ভোলা জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি ও শশীভূষণ এলাকার পরিদর্শিকা উম্মে কুলসুম সীমা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য ও চরকলমী ইউনিয়নের সহকারী নিপা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। চরফ্যাশনের ২১টি ইউনিয়নের মাঠকর্মীরা একযোগে এতে অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, মা–শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রসূতি সেবা, টিকাদান (EPI), কিশোর–কিশোরী স্বাস্থ্য শিক্ষা, কমিউনিটি ক্লিনিক কার্যক্রম—সমস্ত ক্ষেত্রেই মাঠকর্মীরা frontline এ থেকে কাজ করলেও তাদের ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি।

তাদের বক্তব্য, “২৬ বছর ধরে আমাদের নিয়োগ বিধির ফাইল প্রশাসনিক জটিলতায় আটকে আছে। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, “মাঠকর্মীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের দাবির বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়