প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুরাইনে সিএনজি চালক পাপ্পু শেখ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

মোঃ রিপন হাওলাদার:

রাজধানীর জুরাইনে সিএনজি অটোরিক্সাচালক পাপ্পু শেখ (২৬) হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–১০। সোমবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ১ ডিসেম্বর সন্ধ্যায় কদমতলী থানার জুরাইন এলাকার কবি নজরুল লেনের কানা জব্বারের গলিতে পূর্ববিরোধকে কেন্দ্র করে পাপ্পু শেখের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। স্থানীয় সন্ত্রাসী বাপ্পারাজ ওরফে বাপ্পার নেতৃত্বে হামলাকারীরা পাপ্পুর পথরোধ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পাপ্পুর বাবা রাজধানীর কদমতলী থানায় হত্যা মামলা (মামলা নং–০১, তারিখ: ০২/১২/২০২৫, ধারা ৩০২/৩৪) দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের অনুরোধ জানিয়ে র‍্যাব–১০ এর কাছে অধিযাচনপত্র প্রেরণ করেন।

অধিযাচনপত্রের পরিপ্রেক্ষিতে র‍্যাব–১০ এর সিপিসি–১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযান পরিচালনা করে। এতে রাজধানীর জুরাইন আলমবাগ এলাকা থেকে এজাহারনামীয় আসামি মোঃ ইউসুফ সরদার (৪৫)–কে সকাল ১১টা ১৫ মিনিটে এবং শ্যামপুর থানার জুরাইন রেলগেট এলাকা থেকে অপর আসামি মোঃ উজ্জল ওরফে কাঞ্চি (৩০)–কে দুপুর ১২টা ১৫ মিনিটে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ইউসুফ সরদারের বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা রয়েছে। অন্যদিকে উজ্জল ওরফে কাঞ্চির বিরুদ্ধে মাদক আইনের দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

র‍্যাব–১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব সবসময় অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের সংবেদনশীল মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়