মো. সোহেল গাজী, বাউফল
পটুয়াখালীর বাউফলে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম দায়িত্ব হস্তান্তরের আগের শেষ কর্মদিবসেও রেখে গেলেন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সোমবার গভীর রাতে তিনি বাউফল পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে–ছিটিয়ে থাকা অসহায় ও শীতার্ত মানুষের হাতে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন।
বদলির আদেশ পাওয়ার পর সারাদিন দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ইউএনও আমিনুল ইসলাম। তবে দায়িত্ব ছাড়ার আগের রাতটি তিনি সাধারণ মানুষের জন্য কিছু করার জন্যই ব্যয় করতে চেয়েছিলেন।সোমবার রাত ১১টার পর নিজ উদ্যোগে বেরিয়ে পড়েন উপজেলার বিভিন্ন এলাকায়। রাস্তায় থাকা গরিব, দুস্থ, বৃদ্ধ ও শীতের কষ্টে কাঁপতে থাকা মানুষের হাতে তিনি কম্বল তুলে দেন একে একে।
হঠাৎ গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক উপস্থিতি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শীতবস্ত্র হাতে পেয়ে অসহায় মানুষদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতা। তাদের অনেকেই বলেন, “অন্ধকার রাতে এভাবে ইউএনও সাহেবের এসে আমাদের খোঁজ নেওয়া—এটা সত্যিই অবিশ্বাস্য।”
মানবিক এই উদ্যোগ সম্পর্কে ইউএনও আমিনুল ইসলাম বলেন,
“বাউফল আমার আপন জায়গা, এখানকার মানুষ আমার আপন মানুষ। দায়িত্ব পালনকালে সবসময় চেষ্টা করেছি তাদের পাশে থাকতে। শেষ রাতটিও মানুষের জন্য উৎসর্গ করেছি। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
বাউফলে দায়িত্ব পালনকালে আমিনুল ইসলাম প্রশাসনিক দক্ষতা, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি, শিক্ষা ও সামাজিক খাতে উল্লেখযোগ্য ভূমিকা এবং সাধারণ মানুষের সমস্যার তাৎক্ষণিক সমাধানে নিরলস কাজ করে ব্যাপক প্রশংসা কুড়ান।
মানবিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার অনন্য উদাহরণ রেখে নতুন কর্মস্থলে যোগ দিতে বাউফল ছাড়লেও স্থানীয় মানুষের হৃদয়ে তিনি রেখে গেলেন স্থায়ী স্মৃতি ও গভীর শ্রদ্ধা।