প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় 'নাগরিক উন্নতি সংগঠন'-এর বিশেষ দোয়া মাহফিল

মোঃ ইব্রাহিম  হোসেনঃ

দেশের জনপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 'নাগরিক উন্নতি সংগঠন'-এর উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

আজ ১ ডিসেম্বর ২০২৫ সোমবার রাজধানী ঢাকার মোহাম্মদপুরস্থ হযরত আবু বকর সিদ্দিক (রা:) মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আহমেদ। এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লিটন মাহমুদ বাবু।

অনুষ্ঠানে আগত নেতা-কর্মীরা বেগম জিয়াকে 'গণতন্ত্রের আপোষহীন নেত্রী' আখ্যা দেন এবং তার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা নিবেদন করেন।

উপদেষ্টা লিটন মাহমুদ বাবু তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, "আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের নেত্রীর জন্য দোয়া করতে সমবেত হয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ধরে এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে চলেছেন। আমরা বিশ্বাস করি, লাখো মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমি সংগঠনের সকল সদস্যকে নেত্রীর আদর্শে অবিচল থাকার আহ্বান জানাই।"

মাহফিলে বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।

'নাগরিক উন্নতি সংগঠন' আয়োজিত এই ধর্মীয় কর্মসূচির মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা আবারও তাদের নেত্রীর প্রতি গভীর আস্থা ও আনুগত্যের প্রকাশ ঘটিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়