মনির হোসেন বিল্লাহ, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় চরফ্যাশনের ইসকন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইসকন শ্রী নিতাই গৌর মন্দিরে চরফ্যাশন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি শ্রী কমল দেবনাথ। উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হৃদয় চন্দ্র শীল, সদস্য সচিব সাধন কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পরিমল অভি, সদস্য সচিব মিঠুন সরকার এবং দুই কমিটির নির্বাহী সদস্য শুভ সাহ, শান্ত চন্দ্র দাস ও পাপন চন্দ্র দে।
এছাড়া এলাকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, নারী-পুরুষসহ স্থানীয় ভক্তদের অংশগ্রহণে প্রার্থনার পরিবেশ আরও আবেগঘন হয়ে ওঠে।
প্রার্থনায় অংশ নেওয়া ব্যক্তিরা বলেন,
“দেশের দায়িত্বশীল রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু তাঁর দলের জন্য নয়, বরং গোটা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাঁর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করছি।”