মোঃ হাসান আলী
রিপোর্টার,টাংগাইল।
টাঙ্গাইলের সখীপুর: সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়ার পর টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন করছেন অভিভাবকেরা। এতে অভিভাবকদের পাশাপাশি অনেক শিক্ষকও ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় সকাল থেকেই বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করতে যান সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকেরা। প্রশ্নপত্র বিতরণ থেকে শুরু করে পরীক্ষা পরিচালনার পুরো দায়িত্বই সামলাতে হচ্ছে তাদের।
অভিভাবকেরা অভিযোগ করেন, শিক্ষকরা দায়িত্বে না থাকার কারণে তাদেরকে অপ্রস্তুত অবস্থায় পরীক্ষার দায়িত্ব নিতে হচ্ছে, যা অত্যন্ত অস্বস্তিকর। তারা বলেন, শিক্ষা ব্যবস্থার সংকটের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া উচিত নয়।
অন্যদিকে কিছু সহকারী শিক্ষকও ক্ষোভ প্রকাশ করে বলছেন, দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নে উদাসীনতার কারণে তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। তবে পরীক্ষার বিকল্প ব্যবস্থায় অভিভাবকদের যুক্ত করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তারা।
এদিকে শিক্ষাবিদরা বলছেন, এ অবস্থায় শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয়, সে বিষয়ে দ্রুত সমাধানে আসার জন্য সরকার ও শিক্ষকদের যৌথ উদ্যোগ জরুরি।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিভাবকদের তত্ত্বাবধানে পরীক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।