রেজাউল ইসলাম লাকী, চীফ রিপোর্টারঃ
তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এপি হাউস সুপার মডেল বাংলাদেশ–এর পঞ্চম আসরের গ্র্যান্ড ফাইনাল। তরুণদের ফ্যাশন সচেতনতা, সৃজনশীলতা ও মডেলিং প্রতিভা বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এ আয়োজন এবার আরও বৃহৎ ও জমকালো আকারে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল বৈচিত্র্যময় ও প্রাণবন্ত।
এবারের প্রতিযোগিতায় শুরুতে ৫৭০ জন অংশ নেন। চূড়ান্ত বাছাইয়ে সেরা ২০ প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালের মঞ্চে র্যাম্প পারফরম্যান্স, ফটোজেনিক দক্ষতা, ব্যক্তিত্ব ও প্রতিভা প্রদর্শন করেন। বিচারকদের সামনে নিজেদের সেরাটা উপস্থাপন করে তারা প্রতিযোগিতার শেষপর্বে জায়গা করে নেন। আয়োজক আর এইচ আরমান ও ইঞ্জিনিয়ার আজিম উল্লাহ জানান, এপি হাউস নতুন মডেল তৈরি ও আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নিয়মিত কাজ করে যাচ্ছে।
গ্র্যান্ড ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও পরিচালক সাদেক সিদ্দিকী, সুপারস্টার ডি এ তায়েব, অভিনেত্রী ও বিউটি এক্সপার্ট নাহিদা আশরাফ আন্না, অভিনেতা শাকিল খান, অভিনেত্রী সারা জেরিন এবং সিজন–৪ চ্যাম্পিয়ন মেরিন শোমা। তাদের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তিতা ও মর্যাদা যোগ করে।
বিজয়ীদের মধ্যে মিস্টার বিভাগে নির্বাচিত হয়েছেন ফাহাদ খান (Mister Peace Bangladesh 2025), সাব্বির (Mister Glam Bangladesh 2026) এবং ওভি চৌধুরী (Mister Nobel King World Bangladesh 2026)। মিস বিভাগে হাফসা মাহমুদ রিধি (Miss Tourism Bangladesh 2026) এবং উম্মে হাবিবা প্রিয়তী প্রিয়া (Women of The World Bangladesh 2026) নির্বাচিত হন। মিসেস বিভাগে জয়ী হয়েছেন নূপুর আক্তার (Mrs Cherry International Bangladesh 2026) ও মোমি রাণী রূপশী (Mrs Tourism Bangladesh 2026)।
আয়োজকদের মতে, বিজয়ীরা আগামিতে জাতীয় ও আন্তর্জাতিক ফ্যাশন শো, ব্র্যান্ড ক্যাম্পেইন ও মিডিয়া প্রজেক্টে কাজের সুযোগ পাবেন। তাদের বিশ্বাস, সঠিক প্ল্যাটফর্ম ও নির্দেশনা পেলে দেশের তরুণ–তরুণীরা আন্তর্জাতিকমানের মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে—এ আয়োজন সেই লক্ষ্য পূরণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।