প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে নতুন মাত্রায় রুপালী ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের পথচলা শুরু

মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :

শিবগঞ্জে আরও এক ধাপ এগিয়ে গেল আধুনিক ব্যাংকিং সুবিধা। নতুন মাত্রায় যাত্রা শুরু করল রুপালী ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক কার্যক্রম। রবিবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা সদরের নিমতলা মোড়সংলগ্ন মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে এই নতুন অধ্যায়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। তিনি বলেন, “গত ৫৩ বছর ধরে রুপালী ব্যাংক দেশের মানুষের আর্থিক সেবায় যে নিষ্ঠা দেখিয়ে আসছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং সেবার নতুন দুয়ার উন্মোচন করবে।”

রুপালী ব্যাংক পিএলসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের বগুড়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. মাহবুর রহমান এবং শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান।

এ ছাড়া বক্তব্য রাখেন রুপালী ব্যাংক পিএলসি’র শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক খালিদ হাসান আরমান, আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মেহেদী হাসান, ভবন মালিক শরিফুল ইসলাম এবং সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক পিএলসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আরিফ হোসেন, বগুড়া জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. আল ইমরান, বগুড়া কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক খন্দকার রাহাত মাহমুদসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ। নতুন শাখা উদ্বোধনে দেড় শতাধিক গ্রাহকের উচ্ছ্বসিত উপস্থিতি পুরো অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর করে তোলে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিবগঞ্জ হাইস্কুল রোডে ছোট পরিসরে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হলেও গ্রাহক চাহিদা বৃদ্ধি এবং আধুনিক সুবিধার প্রয়োজনীয়তা বিবেচনায় এবার নতুন ও প্রশস্ত ভবনে ব্যাংকের কার্যক্রম স্থানান্তর করা হলো। 
নতুন জায়গায় শুরু হওয়া এই ব্যবসায়িক কার্যক্রম শিবগঞ্জবাসীর জন্য আরও উন্নত সেবার আশা জাগিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়