মো:এমদাদুল হক
ব্যুরো প্রধান,কুষ্টিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন রক্ষায় আজীবন লড়াই করেছেন। দেশের সংকটকালেও তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন।”
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। তিনি বলেন, “খালেদা জিয়ার আরোগ্য শুধু বিএনপির নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর সুস্থতা জাতীয় রাজনীতিতে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সৃষ্টি করবে।”
দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জাতির কল্যাণ কামনা করা হয়।