হুজ্জাতুল ইসলাম, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় বিএনপির সাবেক সাংগঠনিক নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম মু. শাজাহান খানের স্মৃতিচারণে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্থানীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মু. সোহরাব হোসেন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মরহুম শাজাহান খানের সহধর্মিণী ও জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারা শাজাহান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুস সোবাহান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য মো. কামরুল ইসলাম খান রিয়াজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাবুদ্দিন শিকদারসহ অন্যরা।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছেন। তাঁর এক সন্তানের অকাল মৃত্যু এবং আরেক সন্তানের দীর্ঘদিন প্রবাসে থাকা, সব মিলিয়ে পরিবারটি কঠিন সময় পার করছে। তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান, সবাই যেন তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, মরহুম মু. শাজাহান খান ছিলেন গলাচিপা-দশমিনা অঞ্চলের এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। মানুষের সঙ্গে তাঁর অঙ্গীকার ও এলাকার উন্নয়নে তাঁর অবদান আজও আলোচনায়।
প্রধান বক্তা শিপলু খান বলেন, “সারা দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে ২৩৬টি আসনে মনোনয়ন দিয়েছে দল। তবে এই আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি। আমাকে ও হাসান মামুনকে কেন্দ্র থেকে আলোচনার জন্য ডাকা হয়েছিল। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তাকে নিয়েই কাজ করবো।” তিনি তাঁর প্রয়াত পিতা মু. শাজাহান খানের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।