মোঃ রাকিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
সারা দেশের মতো রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন— এমটি ল্যাব আব্দুল জলিল ও মোঃ আতাউর রহমান, এমটি রেডিও ও এফএম এজাজুল বাসার, এমটি ডেন্টাল হাফিজুর রহমান, ফার্মাসিস্ট মোঃ আমিনুল রহমান (রানা) ও মোঃ আরিফ হোসেন।
এছাড়াও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আইয়ুব আলী, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট মোঃ আরশাদ আলী, উসমান গনি, মাহাবুর রহমান (বাবু), তারিকুল ইসলাম, রাকিবুল ইসলাম ও শফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা জানান— দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনো ১০ম গ্রেড বাস্তবায়িত না হওয়ায় তারা গভীর হতাশা ও ক্ষোভে রয়েছেন। অবিলম্বে কাঙ্ক্ষিত গ্রেড চালুর দাবি জানিয়ে তারা বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে।
এদিকে কর্মবিরতির কারণে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। জরুরি সেবা ছাড়া সকল কার্যক্রম বন্ধ থাকায় রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়। সেবা নিতে আসা এক রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে এখন সব ক্ষেত্রেই আন্দোলন। যদি দাবি যৌক্তিক হয় সরকার যেন মেনে নেয়। সকালে রিপোর্ট নিতে এসে এখনো অপেক্ষায় আছি। এভাবে কর্মবিরতি হলে আমাদের মতো সাধারণ মানুষের অনেক কষ্ট হয়।”
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্পষ্ট জানিয়ে দেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আরও কঠোর অবস্থানে যাবে আন্দোলনকারীরা।
এই কর্মবিরতি ঘিরে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সজুড়ে টানটান পরিস্থিতি বিরাজ করছে।