প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ৫ ঘন্টায় ৩০ কিলোমিটার যানজট

ইবি প্রতিনিধি:

সড়ক সংস্কারের দাবিতে প্রায় পাঁচ ঘন্টা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এই সড়ক অবরোধ করেন তারা। এতে কুষ্টিয়া ও ঝিনাইদহ উভয় শহরমুখী অন্তত ৩০ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুুপুরের সিডিউলের বাস না যেতে পারায় শহরগামী শিক্ষক-শিক্ষার্থীরা আটকা পড়েন। পরে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে সংস্কার কাজ শুরুর আশ্বাস দিলে বিকাল ৪টার দিকে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা।

অবরোধে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী, ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল রাহাত, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক শামীমসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিকেল সাড়ে ৩ টায় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান, কুষ্টিয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, ঝিনাইদহের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগ প্রকৌশলী জিয়া উদ্দিন  ও সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসানুল কবির, শৈলকূপা উপজেলার এসি ল্যান্ড এস এম সিরাজুল সালেহীন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।  

আন্দোলনকারীরা বলেন, ইবি থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের বড় অংশ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও যাত্রীরা মৃত্যু ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছেন। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা দুই জেলার প্রশাসনকে বাধ্য করে আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিতে চাই।

কুষ্টিয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম বলেন, ‘কুষ্টিয়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। আর টেন্ডারের মাধ্যমে পুরোপুরি সংস্কার কাজ যথাসময়ে শুরু হবে। ততদিন পর্যন্ত আমাদের রাস্তার ক্ষতিগ্রস্ত অংশগুলো যতদূর সম্ভব সংস্কারের যথাসাধ্য চেষ্টা করবো।’

ঝিনাইদহের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান ভোগান্তি সৃষ্টিতে ক্ষমা চেয়ে বলেন, ‘যতদিন মূল কাজ শুরু না হয় ততদিন পর্যন্ত দুইটি ট্র্যাকের মাধ্যমে আমাদের মেরামত কাজ চলবে। এছাড়া নিয়মিত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কাজের আপডেট জানাব।’

এদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার কর্মকর্তাদের এই আশ্বাস দৃশ্যমান না হলে আগামী সপ্তাহের রোববার থেকে বুধবার পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়