মো. সোহেল গাজী বাউফল
পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী অন্তরা ক্লাসিক পরিবহনের একটি বাস থেকে পাচারের উদ্দেশ্যে আনা পাঁচটি শাপলাপাতা মাছ জব্দ করেছে বন বিভাগ ও বাউফল থানা পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ সরেজমিনকে বলেন ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে অন্তরা পরিবহনের বাসে করে মোট ১০টি শাপলাপাতা মাছ বাউফলে পাঠানো হচ্ছে—এমন একটি অভিযোগ তাঁদের কাছে পৌঁছায়। ওই তথ্যের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে পাঁচটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়। তবে বাকি পাঁচটির ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
উদ্ধার করা শাপলাপাতা মাছগুলোর ওজন যথাক্রমে ১১৬ কেজি, ১১২ কেজি, ৮১ কেজি, ৮১ কেজি ও ৬২ কেজি—মোট ৪৬২ কেজি।
বন কর্মকর্তা বদিউজ্জামান আরও বলেন, ‘শাপলাপাতা মাছ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের বন্যপ্রাণী পরিবহন, মজুত বা বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ। আটক বাসটি জব্দ করা হয়েছে। কারা এ কাজে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’
বাউফল থানা–পুলিশ জানায়, বাসের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তাঁরা মাছ পরিবহনের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে।
স্থানীয়রা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরিবহনে সামুদ্রিক বন্যপ্রাণী পাচারের অভিযোগ বাড়ছে। এ ঘটনায় বড় ধরনের একটি চালান আটক হওয়ায় তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।
বন বিভাগ জানিয়েছে, উদ্ধার করা শাপলাপাতা মাছ আইনের বিধান অনুযায়ী সংরক্ষণ করা হবে। ঘটনাটি তদন্তে মামলা করার প্রস্তুতি চলছে।