প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে ৯ম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. সোহেল গাজী, বাউফল

পটুয়াখালীর বাউফলে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি ও ৯ম পে-স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (২৯ নভেম্বর ২০২৫) দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাউফল শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সহকারী সম্পাদক খায়ের আহমেদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মুন্সী।

প্রধান বক্তা হিসেবে আব্দুল মালেক বলেন, “আমরা টিফিন ভাতা চাই না, আমরা লাঞ্চ ভাতা চাই। দেশের ২২ লাখ সরকারি কর্মচারী যাতে সম্মানের সঙ্গে জীবন-যাপন করতে পারেন, সে দিকে সরকারের নজর রাখা জরুরি। আন্দোলনের কারণে আমাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আপনাদের দুর্বার আন্দোলনের কারণেই আমরা ন্যায্য অধিকারের পথে এগিয়ে যেতে পারছি।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় ও জীবনমান উন্নয়নের স্বার্থে ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। ন্যূনতম বেতন কাঠামো পুনর্মূল্যায়ন, মহার্ঘ ভাতা বৃদ্ধি, পেনশন সুবিধার উন্নয়ন, পদোন্নতি কাঠামো পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের সঙ্গে চলমান আলোচনার বিষয়ও তারা তুলে ধরেন।

সভায় বাউফল উপজেলা শাখার সদস্যরা স্থানীয় কর্মচারীদের সমস্যাবলি, প্রস্তাবনা এবং বিভিন্ন সিদ্ধান্ত পেশ করেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব মতামত লিপিবদ্ধ করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণের আশ্বাস দেন।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়