প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-১৩ আসনে মোবারক হোসাইনের 'দাঁড়িপাল্লা' প্রতীকের বিজয়ে ছাত্র-যুব-নাগরিকদের সমর্থন ও অঙ্গীকার

মোঃ ইব্রাহিম হোসেনঃ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, রাজধানীর মোহাম্মদপুরের শহীদ পার্ক মাঠে এক বিশাল ছাত্র, যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৩ আসন কর্তৃক আয়োজিত এই সমাবেশে দলটির নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১৩ আসনের মনোনীত প্রার্থী জননেতা মো. মোবারক হোসাইন তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। স্থানীয় সমস্যাবলী ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বিপুল সংখ্যক ছাত্র, যুব ও নাগরিকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রার্থী মো. মোবারক হোসাইন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ পরিচালনা করেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক ডা. শফিউর রহমান এবং কমিটির সদস্য সচিব আব্দুল আওয়াল আজম। এছাড়াও ঢাকা জেলা আমীর মাওলানা দেলাওয়ার হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান-সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এটিএম আজহারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "বিভিন্ন সময় বিভিন্ন দল ক্ষমতায় থাকলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। একটি ন্যায়ভিত্তিক সমাজ নিশ্চিত করতে হলে মূল্যবোধভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই।" তিনি দেশের বৃহত্তর স্বার্থে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে সমর্থন দিয়ে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মো. মোবারক হোসাইন তাঁর দীর্ঘ বক্তৃতায় মোহাম্মদপুর এলাকার বিদ্যমান সমস্যাবলী অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, "মোহাম্মদপুর একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় এলাকা হলেও দীর্ঘদিনের পরিকল্পনাহীন নগরায়ণ, তীব্র যানজট, জলাবদ্ধতা, মাদক ও চাঁদাবাজি এখানকার সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এলাকার মানুষের এখন প্রধান দাবি হলো একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল আবাসিক পরিবেশ।"

তিনি অঙ্গীকার করেন, উন্নয়নের পাশাপাশি ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা করা হবে। তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান, প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির সুযোগ নিশ্চিত করা হবে। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত মোহাম্মদপুর গড়া হবে। 

প্রধান বক্তা মো. জাহিদুল ইসলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দৃষ্টান্ত টেনে বলেন, "শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের সৎ ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বের প্রতি সমর্থন প্রকাশ করেছে। তরুণ সমাজ একটি ইতিবাচক পরিবর্তন দেখতে চায়।"

প্রার্থী মোবারক হোসাইন তরুণ প্রজন্মের প্রতি উদ্দেশ্য করে বলেন, "তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মূল্যবোধ, দায়িত্ববোধ ও সৃজনশীলতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই শিক্ষা, প্রযুক্তি ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে উদ্যোগ নিতে হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়