মো. সোহেল গাজী বাউফল
পটুয়াখালীর বাউফলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ৩ টায় বাউফল ঐতিহাসিক পাবলিক মাঠে এই আয়োজন সম্পন্ন হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠে তৈরি হয় ক্রীড়ামুখর পরিবেশ।
অনুষ্ঠানের আয়োজন করে বাউফল উন্নয়ন ফোরাম ও জামায়াতে ইসলামী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. সফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করতে তারকা অতিথিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক জাতীয় দলের তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।
এছাড়া উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং সাবেক জাতীয় ফুটবল দলের ফুটবলার কাউসার হামিদ, যারা বিশেষ অতিথি হিসেবে খেলোয়াড়দের উৎসাহ দেন।
প্রীতি ম্যাচের ফলাফল
খেলায় মুখোমুখি হয় বাউফল পৌরসভা ফুটবল দল ও বাউফল ইউনিয়ন ফুটবল দল। ৩০ মিনিটের উত্তেজনাপূর্ণ ম্যাচে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচের সিদ্ধান্ত নির্ধারণ করা হয় টাইব্রেকারে (পেনাল্টি শুটআউট)।
শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ প্লান্টি শুটআউটে বাউফল ইউনিয়ন ফুটবল দল বিজয়ী হয়।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দর্শকরা উপভোগ করেন সঙ্গীত ও মনোজ্ঞ পরিবেশনা।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এমন আয়োজন যুবসমাজকে খেলাধুলায় যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।