প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেড়ামারায় আড়কান্দি মৌজার জমি নিয়ে জাল দলিল ও অবৈধ নামজারির অভিযোগে জমির মালিকের সংবাদ সম্মেলন

মাহামুদুল্লাহ সোহেল, (ভেড়ামারা প্রতিনিধি) 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি মৌজার আর.এস ১৪৪৫ নং দাগের জমি নিয়ে জাল দলিল ও অবৈধ নামজারির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক মিজানুর রহমান। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় নিজ বসতবাড়ির উঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান জানান, তাদের পরিবার দীর্ঘ ৪৭ বছর ধরে সম্পূর্ণ বৈধভাবে উক্ত জমি ভোগদখলে রয়েছে। কিন্তু একটি অসাধু মহল আইনবহির্ভূতভাবে জালিয়াতিপূর্ণ ও মিথ্যা দলিলের মাধ্যমে জমি দখলের পাঁয়তারা করছে। তাদের বিভ্রান্তিকর দাবি জনগণের মাঝে ভুল ধারণা তৈরি করায় বিষয়টি পরিষ্কার করতেই তিনি গণমাধ্যমের সামনে আসেন।

তিনি বলেন, আড়কান্দি মৌজার আর.এস ৪৪৬ নং খতিয়ান ও আর.এস ১৪৪৫ নং দাগে ০.৩৯ একর জমি নাজমুল হক, নজিবুল হক (মৃত ফজলুল হকের পুত্র) এবং মিজানুর রহমানের নামে বৈধভাবে রেকর্ডভুক্ত রয়েছে। একই দাগে মিজানুর রহমান খরিদসূত্রে ০.৯০ একর সম্পত্তি তার চাচা ফজলুল হকের কাছ থেকে ১৯৭৭ সালে (দলিল নং ৯২৩২) বৈধভাবে ক্রয় করেন এবং দখল নেন।

কিন্তু প্রতিপক্ষ সোনা আলীর লোকজন ১৯৭৮ সালে আরেকটি দলিল দেখিয়ে ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে নামজারি করাতে সক্ষম হয়—যা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেন তিনি। কারণ পূর্বের বৈধ দলিল বহাল থাকা অবস্থায় পরবর্তী দলিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল, অকার্যকর এবং গ্রহণযোগ্য নয়। একটি জমি একবার বিক্রি হয়ে গেলে পরে আবার বিক্রি করার বৈধতা নেই—এটাই রেজিস্ট্রেশন আইনের মৌলিক বিধান।

মিজানুর রহমান প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে প্রকৃত সত্য উদঘাটন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়