প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত: পিবিআই খুলনার তদন্তে গ্রেফতার ১ জন

মোঃ রিপন হাওলাদার:

খুলনা জেলার লবনচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার বড় পল্টনের পূর্ব পাশে রূপসা নদীর তীরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত একটি পুরুষের লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা। এ ঘটনায় হাসিব মৃধা (নিহত)-এর বন্ধু মো. সোহেল (২৭) কে গ্রেফতার করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে রূপসা নৌ পুলিশ ফাঁড়ি নদী থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে। লাশটি পচে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় লবনচরা থানায় অপমৃত্যুর মামলা (নং-২৩/২৪-০৯-২০২৫) দায়ের করা হয় এবং আইনানুগ প্রক্রিয়ায় লাশটি অজ্ঞাত হিসেবে দাফন করা হয়।

পিবিআই খুলনা ঘটনার ছায়া তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে রেলওয়ে গার্ড কলোনীর বাসিন্দা সুইটি বেগম তার নিখোঁজ ছেলে হাসিব মৃধার সন্ধানে লবনচরা থানায় গেলে বিষয়টি পিবিআই-এর নজরে আসে। পরবর্তীতে তাকে পিবিআই কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হলে পিবিআই ক্রাইমসিন টিমের সংগ্রহ করা স্থিরচিত্র দেখে তিনি উদ্ধার হওয়া লাশটিকে তার ছেলে হিসেবে শনাক্ত করেন। বিশেষ করে লাশের ডান বাহুর ট্যাটু, পোশাক ও গঠন দেখে তিনি প্রাথমিকভাবে সনাক্ত করেন।

পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামালের তত্ত্বাবধানে ও খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা’র নেতৃত্বে এসআই (নিঃ) রেজোয়ান ও এসআই (নিঃ) সোহানুর রহমানসহ চৌকস টিম তদন্ত গভীরতর করে। প্রযুক্তিগত পর্যবেক্ষণ ও প্রাথমিক তথ্য-প্রমাণে জানতে পারে—হাসিব মৃধার বন্ধু মো. সোহেল ঘটনার সঙ্গে সম্পৃক্ত। সোহেল তখন খুলনা সদর থানার একটি চুরির মামলায় ইতোমধ্যে কারাগারে ছিল।

পরে সুইটি বেগম সোহেলকে আসামি করে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পর পিবিআই সোহেলকে গ্রেফতার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সোহেল ঘটনাস্থলে হাসিবের সাথে ঝগড়ার কথা স্বীকার করে। সে জানায়, ২১ সেপ্টেম্বর সন্ধ্যার পর হেলাতলা মোড় এলাকা থেকে হাসিবকে ইজিবাইকে করে নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কিতে হাসিব অচেতন হয়ে পড়লে সে তাকে মৃত ভেবে নদীতে ফেলে দেয়।

অদ্য ২৭ নভেম্বর ২০২৫ সোহেলকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়