প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পৃথক অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

মোঃ রিপন হাওলাদার:

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে ফরিদপুর কোতয়ালী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) ভোরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিকল্পিত অভিযানে প্রথমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ কবির হোসেন (৪৫)-কে ফরিদপুরের কোতয়ালী থানার মমিনখার হাট এলাকা থেকে সকাল সাড়ে ৭টার দিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা নং—৬৮(০৪)২১, ধারা—৩৬(১) সারণির ৮(ক) অনুযায়ী আদালতের সাজার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পরবর্তীতে একই মামলার আরেক সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাইদুল সরদার (৩৮)-কে কোতয়ালী থানার জহুর উদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকা থেকে সকাল ৭টা ৫৫ মিনিটে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জনই স্বীকার করেন যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়