প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষায় নকলে ধরা খেয়ে অভিমানে ছাত্রীর আত্মহত্যা

মোঃ রফিকুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলায় বার্ষিক পরীক্ষায় নকল করতে গিয়ে শিক্ষকের হাতে ধরা খেয়ে এক স্কুলছাত্রীর  আত্মহত্যার  অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৭) নভেম্বর দুপুর (১২)টার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে এ মর্মান্তিক  ঘটনা ঘটে।
নিহত  ছাত্রী  ফারহানা আক্তার মোহনা (১২) বিনোদপুর ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের বেন্টর বাড়ির মোঃ ফরহাদের মেয়ে, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহত মেয়েটির  চাচা সাইফুল ইসলাম তানিম সরেজমিন বার্তা কে বলেন, সকালে স্কুলে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয় মোহনা। পরবর্তীতে দুপুর  (১২)টার দিকে আমরা  জানতে পারি সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে নিহত স্কুল ছাত্রীর স্বজনরা বিদ্যালয়ে আসলে  তখন তাদের জানানো হয় পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রীটি নকল করার সময় শিক্ষকের হাতে ধরা পড়ে। এতে মেয়েটি অভিমান করে আত্মহত্যা করেছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক সরওয়ার রিজভী বলেন, পরীক্ষা কেন্দ্রে মোহনা নকল করতে গিয়ে ধরা পড়ে। পরে পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক তার উত্তরপত্র দিয়ে দেয়। পরীক্ষা শেষে  ছাত্রীটি আমাদের বিদ্যালয়ের পাশে, বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগারের গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে  শিক্ষার্থীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে (২৫০) শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সরে জমিন বার্তা প্রতিনিধিকে  সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম  বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে একটি আত্মহত্যার মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়