প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে নিম্নচাপ: চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তি (ক্রমিক-১) প্রকাশ করে এ নির্দেশনা দেয়।

বঙ্গোপসাগরের দক্ষিণপশ্চিমে নিম্নচাপের অবস্থান

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলংকা উপকূলসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় নিম্নচাপটির অবস্থান ছিল—

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে,

কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২০০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে,

মোংলা সমুদ্রবন্দর থেকে ১৯৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে,

পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।


বাতাসের গতিবেগ ও সম্ভাব্য অগ্রগতি

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার দমকায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের কেন্দ্রের কাছে সাগর ইতোমধ্যেই উত্তাল রয়েছে।

নৌযান ও ট্রলারের জন্য সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সব নৌযানকে উপকূলের কাছাকাছি চলাচল এবং সতর্কতার সঙ্গে অবস্থান করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়