মো:এমদাদুল হক
ব্যুরো প্রধান,কুষ্টিয়া
কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে দলীয় মনোনয়ন প্রদানের দাবিতে মশাল মিছিল, স্লোগান এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপির একাংশের উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) রাতে এ কর্মসূচি পালিত হয়।
সন্ধ্যার পর সদর উপজেলার মধুপুর বাজার এলাকায় কয়েকশ নেতাকর্মী জড়ো হয়ে মশাল হাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবরোধ গড়ে তোলে। এতে সড়কের উভয় পাশে যান চলাচলে সাময়িক স্থবিরতা দেখা দেয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। তারা অভিযোগ করেন, ত্যাগী নেতাদের উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা তৈরি হবে। সোহরাব উদ্দিনকে মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলেও দাবি করেন তারা।
অবরোধরত নেতারা আরও বলেন, “মনোনয়ন পুনর্বিবেচনা করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে প্রার্থী করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলের পুরো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।