মোঃ ফেরদৌস হোসেন উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ। তাং- ২৬-১১-২০২৫ ইং।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতি পাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্বোধন করা হয়।
২৬-১১-২০২৫ ইং তারিখ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়।
উক্ত অনুষ্ঠানটিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, ওসি’র প্রতিনিধি এসআই মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, উদ্যোক্তা, খামার মালিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন পদ্ধতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বদলগাছীতে যেন প্রতিটি মানুষ বিনামূল্যে প্রয়োজনীয় ভেটেরিনারি সেবা পায়—এ বিষয়ে বদলগাছী প্রাণী সম্পদ বিভাগকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলেন, উদ্যোক্তা তৈরি, খামার উন্নয়ন, রোগ প্রতিরোধ, কৃমিনাশক ও টিকা কার্যক্রম জোরদারে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সচেষ্ট থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ বিভিন্ন জাতের গবাদিপশু ও পাখির প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৭ নভেম্বর/২৫ ইং থেকে ১ ডিসেম্বর/২৫ ইং পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে গবাদিপশুর টিকা প্রদান, হাঁস-মুরগির টিকা ও কৃমিনাশক বিতরণ, ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল
ক্যাম্প পরিচালনা করবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।