প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরফ্যাশনে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি মনির হোসেন বিল্লাহ 


চরফ্যাশনে প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশীয় জাতের উন্নয়নের অঙ্গীকারে উৎসবের আমেজে পালিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. রাজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা।

দিনের শুরুতে উপজেলা ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জনপ্রতিনিধি, খামারি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দেশীয় জাতের সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগই পারে প্রাণিসম্পদ উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করতে। সঠিক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে খামারভিত্তিক উৎপাদন বহুগুণ বাড়বে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানস্থলের বাইরে প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার ২১টি ইউনিয়নের খামারিরা ৩০টি স্টলে নিজেদের লালিত গরু, ছাগল, ভেড়া, হাঁস–মুরগি, কবুতর, খরগোশসহ নানা দেশীয় প্রাণী প্রদর্শন করেন। দর্শনার্থীদের জন্য ছিল পশুর রোগ প্রতিরোধ, আধুনিক খামার ব্যবস্থাপনা, কৃত্রিম প্রজনন, সুষম খাদ্য ব্যবস্থাপনা—এসব বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা।

দিনব্যাপী আয়োজনে খামারিদের উৎসাহ আরও বাড়িয়ে দিতে উন্নত ব্যবস্থাপনায় খামার পরিচালনার স্বীকৃতি হিসেবে ১৫ জন সফল খামারিকে দেওয়া হয় পুরস্কার।

চরফ্যাশনের প্রাণিসম্পদ খাতে যে সম্ভাবনার বীজ বপন হলো এ আয়োজনের মাধ্যমে, তা ভবিষ্যতে দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়