প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর বাউফলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন

মো. সোহেল গাজী, বাউফল 

পটুয়াখালীর বাউফলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন, আলোচনা সভা এবং প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল থেকে দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, খামারি ও কৃষকদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী প্রদর্শনীতে অংশ নেয় স্থানীয় খামারিরা, যারা তাদের উৎপাদিত দেশীয় জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য ও আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা শাহীনা নাছরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. মোহাম্মদ সামিউল বাছির।

আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় জাত সংরক্ষণ—দুটি মিলেই প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে পারে। স্থানীয় খামারিদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই উৎপাদন গড়ে তুলতে সরকার ইতোমধ্যে নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে।

দিনব্যাপী প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হওয়ার পর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারি ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় বর্ণিল সমাপনী অনুষ্ঠান।

আয়োজনে সহযোগিতা করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

স্থানীয় খামারি ও কৃষকদের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজন বাউফলে প্রাণিসম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়