প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহ-২ আসনে এম এ মজিদকে মনোনয়ন না দিলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা সনাতনীদের

মোঃ ইব্রাহিম হোসেন:

ঝিনাইদহ-২ আসনের অন্তর্গত সদর ও হরিণাকুণ্ডু উপজেলার সনাতন ধর্মালম্বী ভোটাররা এবার ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, এই আসনে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে দলীয় মনোনয়ন দিতে হবে। তা না হলে এই আসনের ৫৭ হাজার সনাতনী ভোটার কেন্দ্রে যাবেন না।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে ঝিনাইদহ-২ নির্বাচনী এলাকার ১১০টি পূজা মন্দির কমিটিসহ চারটি সনাতনী সংগঠন যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব প্রহল্লাদ সরকার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মলিন কুমার ঘোষ, সদস্য সচিব সমীর কুমার হালদার, দিপংকর ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের অরুণ কুমার ঘোষ, গণেষ চন্দ্র বিশ্বাস, সুমন বিশ্বাস, প্রবীন সনাতনী ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যক্ষ শুষেন কুমার ভৌমিক, বিমল কুমার ঘোষাল ও সাধান কুমার ঘোষ।  
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বিএনপি একটি বৃহৎ ও জনসম্পৃক্ত রাজনৈতিক দল। ভবিষ্যতে ঝিনাইদহের মানুষের সার্বিক উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্ব অপরিহার্য। তাঁর মতো একজন প্রগতিশীল এবং সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল নেতার প্রয়োজন।
সনাতনীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অ্যাডভোকেট এম এ মজিদের সমর্থনে নির্বাচনী কাজ শুরু করেছেন। এই কাজ শুরু করতে গিয়ে একটি কুচক্রী মহল বিএনপি সভাপতির জনপ্রিয়তা ও ব্যক্তি ইমেজে ঈর্ষান্বিত হয়ে অনলাইন, টিভি চ্যানেল, জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষপ্রসূত অপপ্রচার চালাচ্ছে বলেও তারা নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে ঝিনাইদহ জেলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ এবং সনাতনী সম্প্রদায় ঝিনাইদহ-২ নির্বাচনী এলাকায় নির্ভয়ে ও নিরাপদে বসবাস করছে। বিগত দুই বছর তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং কোনো প্রকার আতঙ্ক ছাড়াই উদযাপিত হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সনাতনীদের ধর্মীয়, সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িকসহ সকল কার্যক্রমে নিরাপত্তা দিয়ে দেখভাল ও সার্বক্ষণিক পাশে থেকে 'ভ্যানগার্ডের' দায়িত্ব পালন করছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তাঁর আন্তরিক সহযোগিতা ও সহায়তা সনাতনী সমাজের লোকজনের মাঝে একটা আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। ফলস্বরূপ, তাঁকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু এলাকার ৫৭ হাজার সনাতনী সম্প্রদায়ের ভোটার  কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবেন বলে আয়োজকরা ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়