মোঃ রিপন হাওলাদার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভাগ্নীকে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পলাতক আসামি শামীম বেপারী (৩৩)-কে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৭ নভেম্বর সদরপুর উপজেলার চরচাঁদপুর কোলপাড় এলাকায় ১১ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে শামীম বেপারী নির্যাতন করে। পরবর্তীতে শিশুটি ঘটনাটি তার মাকে জানালে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে শিশুটির মামা ছত্তার খান সদরপুর থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামি পলাতক ছিল।
পুলিশি তদন্তের অংশ হিসেবে সদরপুর থানার পক্ষ থেকে র্যাব-১০ এর কাছে সহায়তা চাওয়া হয়। এরপর গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সোমবার রাত ১০টা ১০ মিনিটের দিকে নবাবগঞ্জ উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০।
গ্রেফতারকৃত শামীম বেপারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
তাপস কর্মকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া), র্যাব-১০ এ তথ্য নিশ্চিত করেছেন।