রবিউল ইসলাম সাজু, বগুড়া
বিএনপি আগামীতে সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে একটি ফ্যামেলী কার্ড দেওয়া হবে। সামাজিক এবং পারিবারিকভাব নারীদের মর্যাদা যাতে বৃদ্ধি পায় তার ব্যবস্থা করা হবে। কথাগুলো বলেছেন, বিএনপির কেন্দ্রীয় নারী নেত্রী এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী । গতকাল বুধবার বিকালে বগুড়ার সারিয়াকান্দী মাদ্রাসা মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বিএনপি সরকারের আমলেই সংসদে নারী আসন ১৫ থেকে ৩০ করা হয়েছে। ছাত্র - ছাত্রীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ এবং উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছিল। আগামীতে নারীরা যাতে সুরক্ষিত থাকে এবং সাইবার বুলিংয়ের শিকার না হয় তার ব্যবস্থা করা হবে। নারী ও শিশু অধিকার ফোরামের ব্যানারে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি বগুড়া জেলা শাখার সভাপতি রেজাউল করিম বাদশা, সদস্য সচিব ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া -১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বিএনপি নেতা শেখ তাহা উদ্দীন নাহিন, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সোনাতলা উপজেলা কৃষক দলের আহবায়ক এমদাদুল হক বাদশা, সারিয়াকান্দী পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন শামীম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হীরাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।