প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট-৪ আসনে ‘ধানের শীষের সুর’ তুলতে সফল আরিফুল হক চৌধুরী

সিনিয়র রিপোর্টার তপন কুমার সাহা। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটির দুই মেয়াদের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে সিলেট-৪ আসন। সিলেট-১ থেকে মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্তে সিলেট-৪ আসনে প্রার্থী হতে সম্মত হয়ে তিনি এখন সীমান্ত জনপদে ব্যাপক আলোচনায়।

দল মনোনয়ন দেওয়ার পরই ঢাকা থেকে ফিরে দ্রুত মাঠে নামেন আরিফ। অচেনা এলাকায় মাত্র তিন মাসে ‘ধানের শীষের সুর’ তুলতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “তিন মাস কেন, তিন দিনেই সুর উঠে যাবে।” মাঠের বাস্তবতায় সেই কথাই এখন সত্যি বলে মনে করছেন স্থানীয়রা।

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ—এই তিন উপজেলাকে নিয়ে গঠিত সিলেট-৪ আসনে স্বল্প সময়েই প্রচারণায় গতি এনে শক্ত অবস্থান তৈরি করেছেন আরিফুল হক চৌধুরী। সমাবেশ, গণসংযোগ, ঘরে ঘরে যোগাযোগ—সবকিছুতেই ব্যাপক সাড়া মিলছে। স্থানীয়দের মুখে মুখেই এখন তার নাম। অনেকেই বলছেন, “কম দিনে সুর উঠি গেছে, আরিফ সাব সফল।”

দলের নেতাকর্মীরাও তার সঙ্গে মাঠে নেমে পড়েছেন। পোস্টার-ব্যানার, জনসভা আর গণসংযোগের ব্যস্ততায় তিন উপজেলা এখন নির্বাচনী আমেজে সরগরম। যদিও এখনও বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবে স্থানীয় নেতাকর্মীরা বলছেন—ঘোষণা এলেই সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবে।

সমাবেশগুলোতে আরিফুল হক চৌধুরী তিন উপজেলাকে উন্নত জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনী মাঠে নামার আগেই উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়েছেন।

প্রার্থীতা প্রসঙ্গে তিনি জানান, “দলের সর্বোচ্চ নীতিনির্ধারক চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে সিলেট-৪ আসনে প্রার্থী করেছেন। আমি দলের নির্দেশনা মেনে কাজ করছি।”

সিলেট-৪ এর সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “এই আসন খনিজ সম্পদে ভরপুর। আমি নির্বাচিত হলে তিন উপজেলাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবো। এগুলোকে কেন্দ্র করে আমার অনেক দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।”

স্থানীয় ভোটারদের আশা—সিলেট সিটিতে দুই মেয়াদে সফল প্রশাসনিক ও উন্নয়ন অভিজ্ঞতা এবার তারা দেখতে চান সীমান্তঘেঁষা এই তিন উপজেলায়ও। আরিফকে ঘিরে তাই সিলেট-৪ আসনে এখন নতুন উন্নয়নের স্বপ্ন দেখছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়