রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : আবু সালমান
লক্ষ্মীপুরের রামগতিতে মিন্জু আক্তার (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর নেয়ামত গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মিন্জু স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার দুলাল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে মা সুলতানা বেগম মেয়েকে বকা দেন। এতে অভিমান করে মিন্জু রাগান্বিত হয়ে পড়েন। দুপুরে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে মা তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছে।’