প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের মশাল মিছিল

মো:এমদাদুল হক

ব্যুরো প্রধান,কুষ্টিয়া

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশ। তাঁরা রুমীর পরিবর্তে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী ঘোষণার দাবি জানান।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কাজীপাড়া মোড় থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। কাজীপাড়া মোড় থেকে শুরু হওয়া মিছিলটি গোলচত্বর, বাসস্ট্যান্ড ও কলেজ মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর রাত সাড়ে ৭টার দিকে কুমারখালী হলবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের বাইরে থাকা মেহেদী রুমীকে মনোনয়ন দিয়ে ত্যাগী নেতাকর্মীদের প্রতি অন্যায় করা হয়েছে। তাঁদের দাবি, গত ১৭ বছরে রুমি মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন না, অথচ সুখে-দুঃখে দলের পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত করেছেন নুরুল ইসলাম আনছার প্রামানিক। তৃণমূলের আশা–আকাঙ্ক্ষা উপেক্ষা করে রুমীকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ।

বক্তারা আরো বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে রুমীর পরিবর্তে আনছার প্রামানিককে মনোনয়ন দিতে হবে। অন্যথায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়