মনির হোসেন বিল্লাহ, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় ইঁদুর তাড়ানোর ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ওমরপুর ইউনিয়নের মুখার বান্দা মেইন সড়কের পাশে তেলখালি ব্রিজসংলগ্ন তৈয়ব মাস্টারের বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওমরপুর ইউনিয়নের আলিগাঁও গ্রামের রিয়াজের ছেলে মো. জুবায়েদ (১৬) এবং একই ইউনিয়নের ফরিদ উদ্দিনের ছেলে মো. জিহান (১৫)। দুজনই নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক জাহাঙ্গীর আলম নিজের ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই ফাঁদের তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে যায় জুবায়েদ ও জিহান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সামির কান্নাজড়িত কণ্ঠে বলেন,
> “আমরা প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জনতা বাজারের মহাজনবাড়ির আরিফ মাস্টারের কাছে পড়ি। সোমবারও পড়া শেষ করে ফিরছিলাম। একটু আগে যে হাসছিল, এখন তারা নেই—বিশ্বাসই হচ্ছে না।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। জিহানের মা রহিমা বেগম আহাজারি করে বলেন,
> “আমার ছেলেটা সকালে স্কুলে গেল, বিকেলে লাশ হয়ে ফিরল! আমি তাকে আর কোনোদিন দেখতে পাব না।”
জুবায়েদের বাড়িতেও চলছে আহাজারি। দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুর খবরে শোকাহত সহপাঠী, শিক্ষক ও গ্রামবাসী।
এদিকে দুর্ঘটনার পর কৃষক জাহাঙ্গীর আলম আত্মগোপনে চলে গেছেন। তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন,
> “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল বলছেন, কৃষিজমিতে প্রাণঘাতী বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।