প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ ও চোরাই পণ্য জব্দ

সিনিয়র রিপোর্টার তপন কুমার সাহা।  

সিলেটের  জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় গরু, মহিষ ও চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু, ৪টি মহিষ ও ১টি পিকআপ জব্দ করা হয়। এসবের আনুমানিক সিজারমূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা।

অপরদিকে, কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির টহলদল গত ২৪ ঘণ্টায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৫০ কেজি চিনি এবং ১টি ভারতীয় মোটরসাইকেল জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, দুই অভিযানে জব্দকৃত পণ্যের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৩৫ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি গণমাধ্যমকে বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়